শিরোনামঃ
বগুড়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর,নাতি আশঙ্কাজনক
স্টাফ রিপোর্টার
- আপডেট ১২:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 132
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁদের আট বছর বয়সী নাতি। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন,বগুড়া শহরের আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি (৪৭)। এ ঘটনায় তাঁদের নাতি জুলকার নাঈন (৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাবুল হাসান তাঁর স্ত্রী ও নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে এরুলিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে স্থানীয়রা ও পুলিশ গুরুতর আহত জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান,জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,একই দিন ভোরে একই সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হন ও ২০ আহত হন । কয়েক ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ট্যাগ











