বগুড়ায় শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতাকর্মী বহিষ্কার।
- আপডেট ০৬:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 26

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় টানা দুই দিনের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, বিএনপি ও ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এদিকে চিকিৎসকদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নাফিউল ইসলাম, মনির হোসেন, প্রান্ত ইসলাম, রাকিবুল হাসান রাকিব এবং ১৯ নম্বর ওয়ার্ডের এস এম শিহাব।
এর আগে মঙ্গলবার রাতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে অন্তত ২১ জন চিকিৎসক আহত হন। এ ঘটনায় মামলা হলে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে আর্মড আনসার মোতায়েন ও সার্বক্ষণিক পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্মবিরতির কারণে দুই দিন বহির্বিভাগের সেবা ব্যাহত হলেও জরুরি বিভাগ চালু ছিল।














