রায়দিঘির নালুয়ায় যোগ্য সকল মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের দাবিতে মহিলাদের অবস্থান বিক্ষোভ
- আপডেট ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 34

যোগ্য সকল মহিলাকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় এনে মাসিক ভাতা ৩,০০০ টাকা করার দাবিতে উত্তাল হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির নালুয়া। সোমবার এলাকার বঞ্চিত মহিলাদের উদ্যোগে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আন্দোলনকারীদের মূল দাবি—কোনও যোগ্য মহিলা যেন এই আর্থিক সহায়তার সুবিধা থেকে বঞ্চিত না হন এবং বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়।
এই গণবিক্ষোভে সংহতি জানাতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃবৃন্দ। কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন বিধায়ক তথা দলের প্রবীণ নেতা কান্তি গাঙ্গুলী এবং দলের তরুণ নেতৃত্ব সাম্য গাঙ্গুলী। বর্ষীয়ান ও তরুণ নেতৃত্বের এই যৌথ উপস্থিতিকে ঘিরে অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, সন্তানদের পড়াশোনা এবং পারিবারিক চিকিৎসার খরচ মেলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ পরিবারগুলোকে। এই পরিস্থিতিতে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে নিয়মিত আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি। সেই কারণেই ভাতা বৃদ্ধি ও স্বচ্ছতার সাথে সকল যোগ্য মহিলার নাম অন্তর্ভুক্তির দাবিতে তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাম নেতৃত্বের উপস্থিতিতে মহিলাদের এই আন্দোলন রায়দিঘি অঞ্চলে নতুন এক সামাজিক ও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

























