প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৫:৪০ পি.এম
বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

বগুড়ার ফুলবাড়ি মহল্লায় মাদকের আখড়া নিয়ন্ত্রণ করতেন কুলসুম বেগম। তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকের ডিলার হিসেবে পরিচিত নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের তথ্য পেয়ে কৌশলে পালিয়ে গেছে কুলসুম বেগমের স্বামী লিটন শেখ। বুধবার এ তথ্য জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান। মাদক কারবারি স্বামী-স্ত্রী ও তাদের ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ। জানা গেছে, বুধবার ভোর পৌনে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বসতবাড়ি তল্লাশি করে পাওয়া গেছে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। অস্থায়ী মুরগির সেডের ভেতর মাদকদ্রব্য মজুত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের আখড়া গুঁড়িয়ে দেয় ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলবাড়ি মধ্যপাড়া মহল্লার মাদক কারবারি লিটন শেখের স্ত্রী কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লাম (১৯)। পলাতক আসামি লিটন শেখ (৪২) গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে আছেন। তিনি ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত আফছার আলীর ছেলে। স্বামী-স্ত্রী ও তাদের ছেলে মাদকের কারবার করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ই-পেপার