বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারী মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। নিহত লাভলী বেগম (৪৫) নারুলী নতুনপাড়া মহল্লার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু হয়। লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়। ঘটনার আগে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে রেললাইনের ওপর উঠলে ট্রেনের ধাক্কায় মারা যান।