বগুড়ার কাহালু পৌরসভায় ঐতিহ্যবাহী কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের সরকারি চিঠি প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেছেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) তিনি বিদ্যালয়ে গেলে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন পৌঁছালে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন, ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পড়াশোনার খোঁজখবর নেন। দীর্ঘদিনের প্রত্যাশিত সম্ভাব্যতা যাচাইয়ের সরকারি চিঠি প্রকাশের এই সুখবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টি খাইয়ে তাদের আনন্দ ভাগাভাগি করে নেন এমপি মোশারফ হোসেন।
পরিদর্শন শেষে সাংবাদিক ও উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন বলেন, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছা ও উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা।"কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের নারী শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা রেখে চলেছে।
বহু দিনের প্রত্যাশার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের সরকারি চিঠি প্রকাশ হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক একটি ধাপ। বিএনপি সবসময় শিক্ষার মানোন্নয়ন, বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকার নারী শিক্ষার অগ্রগতিতে বিশ্বাসী। সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়াটি যেন দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং বিদ্যালয়টি চূড়ান্তভাবে জাতীয়করণের আওতায় আসে, সেজন্য সংসদে ও সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও ভূমিকা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পথে এগিয়ে যাওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানের অবকাঠামো বা মর্যাদার পরিবর্তন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ, শিক্ষকদের পরিশ্রম এবং অভিভাবকদের স্বপ্ন। আমি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এই আনন্দে শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই অগ্রযাত্রাকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে আমরা কাজ করে যাব।
বিদ্যালয়টি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ শুরু হওয়ায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক,অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি এই পদক্ষেপ বাস্তবায়িত হলে কাহালুর নারী শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।